সদরঘাটে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মেশকাত (৬) ও নুসরাত (১২) আপন ভাইবোন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সদরঘাটের ওয়াইজ ঘাট এলাকা থেকে মেশকাত ও নুসরাতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এর আগে সকাল ৭টার দিকে সদরঘাট থেকে খেয়া নৌকায় করে কেরানীগঞ্জের গুদারাঘাট যাওয়ার পথে এমভি পূবালী-৫ লঞ্চের সঙ্গে ধাক্কায় ওই নৌকাডুবি ঘটে।

নিখোঁজ শিশুদের আত্মীয় তোফাজ্জল মিয়া জানান, আজ সকালে পরিবারের সদস্যদের নিয়ে বরিশাল থেকে ঢাকার সদরঘাটে নামেন বাবুল ফরাজী। পরে নৌকায় করে সদরঘাট থেকে কেরানীগঞ্জের শান্তপাড়া এলাকায় বাড়িতে ফেরার পথে মাঝ নদীতে লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। সে সময় নৌকায় থাকা ছয়জনের মধ্যে চারজন সাঁতরে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু।

পরে দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন। শেষমেশ দুপুরের দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ববর্তি সংবাদসৌদির কাছে ট্রাম্পের অস্ত্র বিক্রি আটকে গেলো সিনেটের বিরোধিতায়
পরবর্তি সংবাদ৪ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের ট্রেন চলাচল