সৌদির কাছে ট্রাম্পের অস্ত্র বিক্রি আটকে গেলো সিনেটের বিরোধিতায়

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে বিলিয়ন-বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির করার যে উদ্যোগ নিয়েছিলেন সেটিকে আটকে দিয়েছে দেশটির সিনেট।

ইরানের দিক থেকে সৌদি আরবের হুমকি আছে – এ কথা উল্লেখ করে গতমাসে কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের কাছে আট বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চেষ্টা করেছেন।

কিন্তু বৃহস্পতিবার দুই দলের ঐক্যমত্যের ভিত্তিতে সিনেট অস্ত্র বিক্রি আটকে দেবার জন্য তিনটি প্রস্তাব পাশ করেছে। সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন, তিনি এই প্রস্তাবের উপর ভেটো দেবেন।

ডেমোক্রেট-নিয়ন্ত্রিত হাউজ অব রেপ্রেজেনটেটিভ বা প্রতিনিধি পরিষদও অস্ত্র বিক্রির এ উদ্যোগ আটকে দেবার সম্ভাবনা আছে। বিশ্লেষকরা বলেছেন, এটা মোটামুটি নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো উল্টে দেবার জন্য কংগ্রেসে প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই। সৌদি আরব ছাড়াও এ চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের কাছে অস্ত্র বিক্রি করা হবে।

মধ্যপ্রাচ্যে অস্থিরতার কথা উল্লেখ করে ট্রাম্প গতমাসে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রি করতে চেয়েছেন। কিন্তু ট্রাম্পের এ উদ্যোগের তীব্র বিরোধিতা আসে। কারণ, বিরোধীতাকারীরা আশংকা প্রকাশ করেছিলেন যে এসব অস্ত্র ইয়েমেনে ব্যবহার করবে সৌদি নেতৃত্বাধীন জোট।

 

পূর্ববর্তি সংবাদসদরঘাটে লঞ্চের ঢেউয়ে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু, ২ শিশু নিখোঁজ
পরবর্তি সংবাদসদরঘাটে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার