ইসলাম টাইমস ডেস্ক: ঋণখেলাপিদের তালিকা সংসদে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় সরকার তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। জনগণের আমানত বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে খালি করে যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে সরকার কী করে জনগণ সেটা দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে ‘২৩ জুন পলাশী ষড়যন্ত্রের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রস্তাবিত বাজেট সুবিধাবাদী গোষ্ঠীর জন্য উল্লেখ করে তিনি বলেন, অস্বাভাবিক সরকার অস্বাভাবিক একটা বাজেট করেছে। আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ বাংলাদেশের বাজার দখলের জন্য মরিয়া।
বর্তমান অর্থমন্ত্রীর সমালোচনা করে মোশাররফ বলেন, এই অর্থমন্ত্রী সুবিধাবাদীদের জন্য বাজেট দিয়েছেন। অপরদিকে মধ্যবিত্তদের ওপরে চাপ বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর ভ্যাটের প্রভাব বাড়ানো হয়েছে। দেশে এখন সব শ্রেণির মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। সেই মোবাইল ফোনে কর বৃদ্ধি করা হয়েছে। ১০০ টাকার মধ্যে ২৭ টাকা চলে যাবে। এই একটি উদাহরণেই বোঝা যায় যে এই বাজেট সুবিধাভোগী ব্যবসায়ীদের জন্য করা হয়েছে।
















