পটুয়াখালীতে সংঘর্ষ থামতে গিয়ে ছিনতাই হয় পুলিশের অস্ত্র

ইসলাম টাইমস ডেস্ক: পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে জমির বিরোধ নিয়ে সৃষ্ট সংঘর্ষ থামাতে যায় পুলিশ। এ সময় চোখে মরিচের গুড়া মেরে ১০ রাউন্ড গুলিসহ পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়েছে এক সন্ত্রাসী। আজ সোমবার সকালে ওই সংঘর্ষে তিন পুলিশসহ উভয়পক্ষের ১৯ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরপুর ইউপির বড় ডালিমা গ্রামের হাকিম হাওলাদার এবং একই বাড়ির কামাল হোসেন গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে জমিতে কামাল হোসেন গংরা ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে যায়। এ সময় হাকিম হাওলাদার গংরা জমি চাষে বাধা দেয়।

ঘটনার ছয় ঘণ্টা পর আলম হাওলাদার নামের একজনকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়েছে।

পরে হাকিম হাওলাদার এ ঘটনা বাউফল থানাকে জানালে ঘটনাস্থলে তিনজন পুলিশ আসে। এ সময় কামাল হোসেনের পক্ষের ফারুক হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। তার সঙ্গে থাকা ফিরোজ হাওলাদার মাঈনুদ্দিন নামের এক এএসআইয়ের কোমর থেকে ১০ রাউন্ড গুলিসহ পিস্তল ছিনিয়ে নেয়।

এ ঘটনা বাউফল থানার পুলিশ জানতে পেরে অস্ত্র উদ্ধারের অভিযান চালায়। পরে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দোকার মোস্তাফিজুর রহমান জানান, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আট জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পটুয়াখালীর পুলিশ সুপার মো. মঈনুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তি সংবাদবাস-ট্রাক সংঘর্ষে ক্যামেরুনে ২৩ জনের মৃত্যু
পরবর্তি সংবাদ২১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক