ব্রিটিশ আমলের তৈরি সিলেটের অধিকাংশ রেলব্রিজের অবস্থা ভঙ্গুর: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের অধিকাংশ রেলব্রিজের অবস্থা ভঙ্গুর। এগুলো ব্রিটিশ আমলের তৈরি। এগুলোকে সংস্কার করা দরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মাগরিবের নামাজের বিরতির সময় সংসদ ভবনের ৬ষ্ঠ তলায় সাংবাদিক লাউঞ্জে এসে গণমাধ্যম কর্মীদের সাথে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, উন্নত বিশ্বে কিছুদিন পর পর ব্রিজগুলো ইন্সপেকশন করা হয়। আমরা তো এখনো সে পর্যায়ে যেতে পারি নি। এসময় আহত-নিহতদের ক্ষতিপূরণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটা খুবই সামান্য। আমরা তো ওই পর্যায়ে যাইনি, বিদেশে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হত, তাহলে কয়েক কোটি টাকা লেগে যেত। যে কারণে সড়কে এত লোক মারা গেলেও আমাদের এখানে গায়ে লাগে না।

এরআগে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাতে দুর্ঘটনাটি ঘটার পরপরই আমি তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীকে জানাই। তিনি সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। আজকে মন্ত্রিপরিষদের বৈঠক ছিল। সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও আমি সবাই মিলে কথা বলেছি। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, সবার আগে আহতদের খোঁজ নিন। এছাড়া আমি রাতেই যোগাযোগ মন্ত্রীর সঙ্গে কথা বলি।

পূর্ববর্তি সংবাদইরানে হামলা করলে যুক্তরাষ্ট্রকে সঙ্গ দিতে পারে যুক্তরাজ্যও
পরবর্তি সংবাদছাত্রীদের মেয়ে শিক্ষকের কাছে পড়ালে ‘নারীঘটিত’ অপরাধ কমে যাবে: আহমদ শফি