নাসিমের কাছে বেশি ভদ্রতা আশা করা যায় না: গণফোরাম

ইসলাম টাইমস ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম সভাপতি  ড. কামাল হোসেন আওয়ামী লীগের  হয়ে কাজ করেছেন বলে সংসদে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিমের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে গণফোরাম। তারা বলেছে, নাসিম উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করেছেন।তার কাছে  এর থেকে বেশি ভদ্রতা আশা করা যায় না।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরাম এ প্রতিবাদ জানায়। মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় মোহাম্মদ নাসিম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট গড়ে ড. কামাল হোসেন কার্যত আওয়ামী লীগের পক্ষেই কাজ করেছেন।

নাসিম বলেন, ‘তিনি (ড. কামাল) আওয়ামী লীগের পক্ষে কাজ করে মাঠ খালি করিয়ে দিলেন আর আমরা ফাঁকা মাঠে গোল দিলাম। এই হচ্ছে তাদের ভাড়াটের মুরোদ। ওরা ড. কামাল হোসেনকে ভাড়া করল ওদের জন্য, আর কাজ করল আমাদের জন্য।’

গণফোরামের বিবৃতিতে দলের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া নাসিমের এ বক্তব্যের নিন্দা জানান। তারা বলেন, ড. কামাল  সম্পর্কে যে কুরুচিপূর্ণ উদ্দেশ্যমূলক শিষ্টাচার বিরোধী মিথ্যাচার করেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভোটারবিহীন ও আগের রাতে ব্যালটবাক্স ভর্তি করা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত বর্তমান পার্লামেন্টের সরকার দলীয় নেতা মো. নাসিমের কাছে- এর থেকে বেশি ভদ্রতা আশা করা যায় না।’

মানুষের মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি করার লক্ষ্যে মো. নাসিম এই মিথ্যাচার করেছে বলে দাবি করে গণফোরাম জানায়, জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে এ ধরনের কথার জবাব দিতে হবে।

পূর্ববর্তি সংবাদঅস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন লেগে ৩ শিশু নিহত
পরবর্তি সংবাদরাবিতে উড়ো চিঠি ছড়িয়ে প্রকাশ করা হচ্ছে শিক্ষকদের ‘অপকর্মের’ তথ্য