ইসলাম টাইমস ডেস্ক: পরবর্তী ডাকসু নির্বাচনে ধর্মভিত্তিক কোনো দল যাতে অংশগ্রহণ করতে না পারে, সে জন্য ঢাবি সিনেটকে কঠোর হতে আহবান জানিয়েছেন ঢাবি সিনেট সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ওরেজওয়ানুল হক চৌধুরী শোভন। পাশাপাশি সিনেটে ধর্মভিত্তিক দল নিষিদ্ধের প্রস্তাবও দিয়েছেন তিনি।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে ছাত্রপ্রতিনিধি হিসাবে তিনি এ প্রস্তাব দেন।
অধিবেশনে শোভন বলেন, এবারের ডাকসু নির্বাচনে কিছু ধর্মভিত্তিক দল অংশ নিয়েছিলো। ছাত্রপ্রতিনিধি হিসেবে এটি বন্ধের জোর দাবি জানাচ্ছি।
এ সময় ছাত্রলীগ সভাপতি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি করা, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করাসহ আরো বেশ কয়েকটি প্রস্তাব দেন।
উল্লেখ্য, ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা) অংশগ্রহণ করে। বিষয়টি নিয়ে প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন কমিশন। তবে কমিশনের দাবি তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কোনো বিশেষ দল থেকে নয়।
















