ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা শিকড়ের সম্পর্ক। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে তাই এ সম্পর্ক ছিন্ন করা যাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াত ভারতের বিরুদ্ধে প্রপাগান্ডা করে সস্তা রাজনীতি করছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব দিক দিয়ে যে ভারত আমাদের সহযোগিতা করেছে সে ভারতকে হেয় প্রতিপন্ন করে সস্তা রাজনীতি করতে চায় না আওয়ামী লীগ।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদের খাওয়া-দাওয়ার খরচ মেটাতে তৎকালীন ভারত সরকার ভ্যাটের পরিমাণ বাড়িয়ে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছিল।
তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে বলেছি যে, আমি যতটুকু কাজ করি না কেন, বাংলাদেশের পররাষ্ট প্রতিমন্ত্রী হিসেবে, আমার সময়ের মধ্যে বা আওয়ামী লীগ সরকারের সময়ের মধ্যে যাদের অবস্থান নিশ্চিত করা গেছে, তাদেরকে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করা না গেলে নিজেকে ব্যর্থ মনে হবে।
















