ইসলাম টাইমস ডেস্ক: বাস্তব কারণে (গ্যাসের) যৌক্তিক কিছু দাম বাড়ানো হয়েছে জানিয়ে দেশের মানুষ বিষয়টাকে সহজভাবেই নেবেন বলে আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামানকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওয়বায়দুল কাদের বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে। আমাদের দেশের মানুষ বাস্তবতা বোঝেন। বাস্তব কারণে যৌক্তিক কিছু দাম এখানে সমন্বয় করা হয়েছে। দেশের মানুষ বিষয়টাকে সহজভাবে নেবেন- এটাই আশা করি।
তিনি বলেন, এখন বিরোধী দল প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক এবং আমার কাছে মনে হয়, তাদের এই প্রতিবাদ বিক্ষোভ বিশেষ করে হরতালে জনগণের কোনো সাড়া মিলবে- এটা আমার বিশ্বাস হয় না।
















