ইসলাম টাইমস ডেস্ক: বৃটেন ইরানের একটি তেলের ট্যাংকার আটক করে ফেলার প্রতিশোধ হিসেবে একটি ব্রিটিশ জাহাজ জব্দের হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার।
স্পেনে দক্ষিণে ব্রিটেনের অধীনস্ত অঞ্চল জাবাল আল-তারিকে ইরানি তেল ট্যাংকার আটক করে বৃটেন।
আজ শুক্রবার টুইটারে বিপ্লবী গার্ড কমান্ডার মোহসিন রেজাই বলেন, যদি ইরানি তেল ট্যাংকার ব্রিটিশরা ছেড়ে না দেন, তবে একটি ব্রিটিশ জাহাজ জব্দ করাই হবে কর্তৃপক্ষের দায়িত্ব।
জাবাল আল-তারিকের সরকার বলছে, গ্রেইস-১ নামের জাহাজটির ক্রুদের প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য নেয়া হচ্ছে। তাদের অপরাধী হিসেবে সাব্যস্ত করা হচ্ছে না। মূলত কার্গোটির চলাচলের ধরন ও এটার শেষ গন্তব্য কোথায় তা জানতে চাওয়া হচ্ছে।
ব্রিটিশ রয়েল মেরিনস বৃহস্পতিবার জাবাল আল-তারিকের উপকূলের শেষ প্রান্তে গিয়ে জাহাজটি জব্দ করেছে। গহীন অন্ধকারের ভেতর দিয়ে চলা জাহাজটিতে তারা একটি হেলিকপ্টার অবতরণ করিয়েছে।
















