ইসলাম টাইমস ডেস্ক: নয়ন বন্ড এক দিনে তৈরি হয়নি। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে নয়ন বন্ডরা তৈরি হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল ক্লাব মিলনায়তনে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধিসভায় তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন।
দলের বরিশাল জেলা শাখার সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম প্রমুখ।
তোফায়েল আহমেদ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বরগুনার ঘটনাটি অবগত রয়েছেন। প্রধানমন্ত্রী দেশে আসছেন। নয়ন বন্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পেলে প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তার বক্তৃতায় বলেন, বরগুনার ঘটনা মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
















