ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া (নয়নপুর) এলাকায় সেঞ্চুরী স্পিনিং মিলস নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে মেশিনের ঘর্ষণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর শ্রীপুর দমকল বিভাগের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আমানউল্লাহ জানান, কারখানার সিমপ্লেক্স সেকশনে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে দমকল বিভাগ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় বেশ কয়েকটি মেশিনারিজ ও গোডাউনে রাখা তুলা পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষ এখনো অবগত নয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়গুলো জানা যাবে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, অগ্নিকাণ্ডে দুইজন সামান্য আঘাত পেয়েছে তবে কেউ নিহত হয়নি। কয়েকটি মেশিন ও কিছু তুলা আগুনে পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি জানান, মেশিনের ঘর্ষণের ফলেই আগুনের সূত্রপাত হয়েছে।
















