তিন দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ।

শনিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার এই সফরকালে রোহিঙ্গা সঙ্কটসহ জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণেই ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সফরে দুই মন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় দুপক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে রোহিঙ্গা সঙ্কট এবং জনশক্তি নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফরকালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ কক্সবাজারে মালয়েশিয়ার ফিল্ড হাসপাতাল এবং একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

রোহিঙ্গা উদ্বাস্তুদের মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে অব্যাহত সহায়তা নিশ্চিত করবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তার এই সফরে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ৮ জুলাই ঢাকা ত্যাগ করবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে সেঞ্চুরী স্পিনিং মিলে আগুন
পরবর্তি সংবাদপটুয়াখালীতে ট্রাক উল্টে খাদে পড়ে চালক নিহত