ইরানি ছাত্রদের বিদেশে পড়াশোনা নিষিদ্ধের দাবি জানালেন ইসরাইলি প্রযুক্তিবিদ

ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইলি এক ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ইরানি ছাত্রদের বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা নিষিদ্ধের দাবি জানিয়েছেন। আওযি রুবন নামের ওই প্রযুক্তিবিদের দাবি, ইরানি ছাত্ররা বিদেশে পড়াশোনা করে আধুনিক সামরিক প্রযুক্তি রপ্ত করে তা ইরানে কাজে লাগাচ্ছে।  খবর আল আরাবিয়ার।

সামরিক বিষয়ক ইংরেজি একটি পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

আওযি রুবন বলেন, পশ্চিমা দেশগুলোর যে পারমাণবিক সক্ষমতা রয়েছে, ইরান সেই শক্তিই অর্জন করতে চায়। এজন্য তারা বিভিন্ন নিষিদ্ধ পদক্ষেপও গ্রহণ করতে দ্বিধাবোধ করছে না। ইরান সামরিক শক্তির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতাও বাড়াচ্ছে।

ইরানের সামরিক সক্ষমতার বিষয়ে ইসরাইলি এ প্রযুক্তিবিদ বলেন, সাম্প্রতিক সময়ে কুর্দিস্তান পার্টির সদর দফতরে তেহরান হামলা চালিয়েছিল। সেসময় তাদের নিক্ষিপ্ত মিসাইলগুলো ওই দফতরের বোর্ডরুম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। তাছাড়া ইরানের গোয়েন্দা ব্যবস্থাও বেশ উন্নত। এ জন্য এখনই তাদের প্রযুক্তিগত সক্ষমতা কমানোর উদ্যোগ নিতে হবে।

 

পূর্ববর্তি সংবাদবাড়ি ফেরা হলো না নব দম্পতির, বর-কনেসহ নিহত ৯
পরবর্তি সংবাদএনআইএ সংশোধনী বিল: সংসদেই বিতণ্ডায় জড়ালেন অমিত শাহ-ওয়াইসি