দুয়েক দিনের মধ্যে দেশের ২০ জেলায় বন্যা ছড়িয়ে পড়তে পারে

ইসলাম টাইমস ডেস্ক: আগামী দুই-এক দিনের মধ্যে দেশের ২০ জেলায় বন্যা ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের চারটি নদী অববাহিকায় একযোগে পানি বাড়তে পারে। এতে আগামী এক সপ্তাহ টানা বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এরপর পরিস্থিতির উন্নতির সম্ভাবনা আছে।

এদিকে গতকাল রোববার দেশের ১৬টি জেলায় বন্যার পানি ঢুকে পড়েছে। বেশির ভাগ নদ-নদীর পানি বেড়েছে। দেশের বিভিন্ন নদ-নদীর ৯৩টি পয়েন্টের মধ্যে ৭৩টি পয়েন্টে পানি বাড়ছে, এর মধ্যে ২৫টি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এসব নদীর পানি প্রতিদিন তিন থেকে চার ইঞ্চি বাড়ছে।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবারও দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে। আর ঢাকা ও বরিশালের অর্ধেকেরও বেশি এলাকায় বৃষ্টি হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা আছে।

 

 

পূর্ববর্তি সংবাদচেয়ারে বসে নামাজ পড়ার সিদ্ধান্ত কে দেবেন, ডাক্তার না মুফতি সাহেব?
পরবর্তি সংবাদনিজের সম্পত্তির হিসাব দিলেন না মোদি