ইসলাম টাইমস ডেস্ক: নৌকা ডুবে কুড়িগ্রামের উলিপুরে ৪ শিশু ও ১ নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার কালডাবরীর দোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর গ্রামে ২০-২৫ নারী ও শিশু নৌকা নিয়ে বন্যার পানি দেখতে বের হন। পথে কালডাবরীর দোলা এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপে তলা ফেটে পানি উঠে নৌকা ডুবে যায়। এ সময় স্থানীয়রা রুনা আক্তার, রুপা ও হাসিবুলের লাশ উদ্ধার করে। খবর পেয়ে রংপুর, কুড়িগ্রাম ও উলিপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে তারা বিকেল ৪টার দিকে সুমন ও সাড়ে ৫টার দিকে রুনুমনির লাশ উদ্ধার করে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মঞ্জিল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
















