মুম্বাইয়ে ভবনধসে অর্ধশত চাপা, নিহত ১২

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুম্বাই শহরের ডংরি এলাকায় চারতলাবিশিষ্ট একটি বহুতল ভবন ধসে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। ধ্বংসাবশেষের নিচে আরো ৪০ থেকে ৫০ জন মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টা নাগাদ মুম্বাইয়ের ডোংরি এলাকার ট্যান্ডেল স্ট্রিটে কেশরবাঈ নামের চার তলা বাড়িটির একাংশ ধসে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে দমকল বাহিনী। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালাচ্ছে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।

গত কয়েক সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির কারণে এলাকার বেশির ভাগ বাড়িই জলিমগ্ন। ঘটনাস্থলে পৌঁছে গেছে জাতীয় দুর্যোগ ত্রাণ বাহিনী, উদ্ধারের কাজ শুরু করেছে তারা। প্রায় ১০-১২টি পরিবার চাপা পড়েছে বলে আশঙ্কা।

ভবনটি সরু গলির ভেতরে হওয়ায় সেখানে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খেতে হচ্ছে। ভবন ধসের পর স্থানীয় লোকজন খালি হাতে ধ্বংস্তূপ সরানোর কাজ শুরু করেছেন। অনেকেই রাস্তা ফাঁকা করার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও অন্যান্য সরঞ্জাম পৌঁছে দিতে সহায়তা করছেন।

জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গত কয়েক সপ্তাহের বৃষ্টির কারণে মাটি নরম হয়ে ভবনটি দেবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ভবনটি চোখের সামনে ধসে যেতে দেখা এক কিশোর এনডিটিভিকে বলেছেন, ‌‘আমরা বিকট বিস্ফোরণের শব্দ পাই। ভবন ধসে গেল, ভবন ধসে গেল বলে প্রত্যেকেই চিৎকার করছে। আমি দৌড়ে পালিয়েছি। এটা ছিল প্রচণ্ড ভূমিকম্পের মতো।

‌অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ভবনটি ৯০ থেকে ১০০ বছরের পুরোনো। আমি বেশ কয়েকজন শিশুর মরদেহ দেখেছি। ভবনটিতে ৭-৮টি পরিবার বসবাস করতো।’

সূত্র: এনডিটিভি, জি নিউজ।

পূর্ববর্তি সংবাদ‘২০২১ থেকে সকল বিদ্যালয়-মাদ্রাসায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক’
পরবর্তি সংবাদরাজধানীর গুলশানে একটি ভবনে অগ্নিকাণ্ড