ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বস্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে বাংলাদেশে ডেঙ্গুর অবস্থা উদ্বেগজনক। সাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে চলতি মাসেই সাড়ে ৩ হাজার লোক আক্রান্ত হয়েছে। তবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন ডব্লিউএইচও কর্মকর্তারা।
আজ শনিবার বনানীতে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের বাসভবনে বৈঠকে শেষে এ তথ্য জানায় ডব্লিউএইচও’র এক প্রতিনিধিদল। পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে ডব্লিউএইচও’র ভারপ্রাপ্ত প্রতিনিধি ড. এডউইন স্যানিজা স্যালভেদর।
বৈঠক শেষে ড. এডউইন সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে চাই। তারই অংশ হিসেবে আজ মেয়রের সঙ্গে বৈঠক করেছি আমরা। কীভাবে আমরা একসঙ্গে কাজ করে সমস্যার সমাধান করতে পারি, তা নিয়ে আলোচনা করেছি।’
তিনি আরও বলেন, ‘যেখানে সমস্যা আছে, তার সমাধান বের করতেই সেখানেই কাজ করবো আমরা। এডিস মশা বাংলাদেশে নতুন আসেনি, অনেক আগে থেকেই ছিল। এই সমস্যা মোকাবিলায় সঠিক পরিকল্পনা দরকার। আশেপাশের দেশগুলো এবং আগের বছরের অবস্থা তুলনা করলে দেখা যাবে সার্বিক পরিস্থিতি বেশ জটিল। তবে মহামারী বা আতঙ্কিত হওয়ার মতো কিছু না।’
















