দলীয় নেতাকর্মীদের প্রতি বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন আল্লামা কাসেমী

ইসলাম টাইমস ডেস্ক: বন্যাদূর্গত অঞ্চলের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ানোর জন্য দলীয় নেতার্কর্মীসহ দেশের  সর্বস্তরের মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

আজ (২০ জুলাই) পল্টনের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর জমিয়তের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা  কাসেমী এই আহ্বান জানান।

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে যার যার এলাকায় ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও খাদ্যদ্রব্য সংগ্রহ করে হাওর এলাকায় বিলি-বণ্টনের উদ্যোগ নিন। জমিয়তের নেতা-কর্মীরা নিজেরাও ত্রাণ ও সেবা কাজে শরিক হোন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করুন।

আল্লামা কাসেমী বলেন, ইতিমধ্যেই পত্রপত্রিকায় বন্যা দুর্গত এলাকার যেসব চিত্র ও খবর আসছে, তাতে এসব এলাকার মানুষ যে অত্যন্ত করুণ ও মানবেতর জীবন যাপন করছে সহজেই বুঝা যায়। উপদ্রুত এলাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। সরকারের তরফ থেকে উল্লেখযোগ্য ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে নিজের ক্ষমতা সুসংহত করার জন্য, সাধারণ জনতার প্রতি কোন নজর নেই। তাই দুর্গত মানুষের সংকট লাঘবে সরকারের দিকে তাকিয়ে থেকে লাভ হবে না।

পূর্ববর্তি সংবাদএখন দেশের জনগণকে নিয়ে গণঅভ্যুত্থান ঘটাতে হবে: মির্জা ফখরুল
পরবর্তি সংবাদপ্রিয়া সাহার বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে চলমান রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ: খেলাফত মজলিস