ইসলাম টাইমস ডেস্ক: মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ছায়াযুদ্ধ ও বৈরিতা সত্ত্বেও জেদ্দা বন্দরে নোঙর করার পর তেহরানের একটি জাহাজ ফেরত পাঠানোয় সৌদি চেষ্টার প্রসংশা করে সৌদিকে ধন্যবাদ দিল ইরান।
ইঞ্জিনের ত্রুটির কারণে গত মে মাসে জাহাজটি সৌদি বন্দরে থামাতে হয়েছিল। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে দেশটি আধা সরকারি বার্তা সংস্থা ফারস এমন তথ্য জানিয়েছে।
আব্বাস মৌসাভি বলেন, ইরানি জাহাজটি ফিরে আসার ক্ষেত্রে সৌদি আরব, ওমান ও সুইজারল্যান্ড যে সহায়তা করেছে, তা অবশ্যই প্রশংসাযোগ্য। তাদের জোরদার চেষ্টার কারণে হ্যাপিনেস-১ নামের তেল ট্যাংকারটি ফিরতি যাত্রা সফল ও নিরাপদ হয়েছে।
গত জুলাইয়ে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটি মেরামতের খরচ নিয়ে বিতর্কের জেরে সৌদি আরব সেটিকে জেদ্দা বন্দর ছেড়ে যেতে দিচ্ছে না।
এর আগে গত মে মাসে লোহিত সাগরের জেদ্দা উপকূলে ইঞ্জিনে বিভ্রাট দেখা দেয়া তেল ট্যাংকারটিকে উদ্ধারে সহায়তা করেছে সৌদি আরব।
এদিকে মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক শক্তি সৌদি আরব ও ইরান বেশ কয়েকটি ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে।
















