ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকা থেকে হানিফ পরিবহনে নড়াইলে ফেরার পথে ডেঙ্গুতে আক্রান্ত এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর রাতে নড়াইলের কালনা ঘাটে পৌছানোর পর ওই যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সূত্র জানায়, মৃত ওই ব্যক্তি ইকরাম হোসেন (৪০) নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের জব্বার শেখের ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পািনিতে সিকিউরিটি গার্ডে চাকুরী করতেন।
মৃত ইকরাম হোসেনের চাচাতো ভাই কবির হোসেন জানান, ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতো ইকরাম। গ্রামের বাড়িতে তার স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়েও রয়েছে। ইকরাম ঢাকায় একা থাকতেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে দেখাশোনার কেউ না থাকায় তিনি অসুস্থ্য অবস্থায় বুধবার রাতে ঢাকার আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনে ওঠেন।
হানিফ পরিবহনের নড়াইল শহরের রূপগঞ্জ কাউন্টারের ম্যানেজার আকবর মন্ডল বলেন, ডেঙ্গুরোগে আক্রান্ত ওই যাত্রী দৌলদিয়া ঘাটে পৌছানোর পরও কথা বলেছেন। কিন্তু কালনা ফেরিঘাটে পৌছানোর পর তার কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় অন্যান্য যাত্রীরা তার গায়ে হাত দিয়ে দেখেন তিনি মারা গেছেন।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরিবারের সদস্যদের আপত্তি না করায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
















