ইসলাম টাইমস ডেস্ক: ‘সা’দ সাহেবের অনুসারী’ এই পরিচয়ে যেন কোন ব্যক্তি কেন্দ্রিক তাবলীগী কাজ করতে না পারে, ভ্রান্ত মতবাদের অনুসরণের মাধ্যমে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় ও জেলা ইজতেমার নামে ফিতনা বন্ধের ব্যাপারে সরকারের প্রতি কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলুম হাট-হাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমেদ শফী।
মুন্সীগঞ্জের ‘ইসলামী তৌহিদী জনতা’ ব্যানারে গতকাল শুক্রবার দিনব্যাপি টঙ্গীবাড়ী উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী মডেল স্কুল মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা শফী বলেন, আমরা কোনদিন বাতিলের সাথে মিলবো না, আলেমদের পিটিয়ে মারা তাবলীগ জামাতের কাজ না, যারা মারে তারা তাবলীগ জামাতের কিছু হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম।
শাহ আহমেদ শফীর উপস্থিতিতেই লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা সাইফুল্লাহ। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়- দেশের আম জনতা, আলেম-ওলামা তাবলীগের সাথী একসাথে মিলে কাজ করতে চাই, কিছু বিপদগামী লোক সাদ পন্থা অবলম্বন করে ফিতনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন।
বক্তব্য শেষে দেশবাসীর উন্নতি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মধুপুরের পীরে কামেল মাওলনা আব্দুল হামিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু সেখ প্রমুখ। সম্মলনে অংশ নেন কয়েক হাজার মানুষ।
















