ঢাবিতে দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠন এই কর্মসূচি পালন করেছে।

এডিস মশার প্রজনন ক্ষমতা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীর ‘বালখিল্য’ মন্তব্য এবং মশা নিধনে ব্যর্থ হওয়ায় দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি করেছে প্রতিবাদকারীরা। এর পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের স্থাবর ও অস্থাবর সব সম্পদের হিসাব জাতির সামনে প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পূর্ববর্তি সংবাদআজ থেকে ডেঙ্গু পরীক্ষার ফি সর্বোচ্চ ৫০০ টাকা
পরবর্তি সংবাদসাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজের কারাকক্ষ থেকে এসি-টিভি খুলে ফেলার নির্দেশ