ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত না যেতে বিভিন্ন মহল থেকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন। বিভিন্ন এনজিওর স্বার্থান্বেষী কিছু কর্মী নিজেদের চাকরি বহাল রাখার স্বার্থে নানাভাবে রোহিঙ্গাদের ভীত করে তুলছে।
তিনি আরও বলেন, আরেকটি গ্রুপ আছে, যারা রোহিঙ্গাদের বেশিদিন রেখে বাংলাদেশে অনিশ্চয়তার সৃষ্টি করতে চায়। এরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য ভাসানচরে যেতে বলা হয়েছিল। সেখানে তারা মাছ ধরা, হাঁস-মুরগি ও গরু-পালন করতে পারত। কিন্তু তারা সেখানে যেতে রাজি নয়। এখন সরকার তিনবেলা খাওয়াচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা কমে আসছে। পরবর্তীকালে কী হবে সেটা বলা মুশকিল।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বোঝা উচিত নিজের দেশে না গেলে দাবি আদায় করা সম্ভব না। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎসাহ দিচ্ছে, মিয়ানমারে ফেরত না যাওয়ার। এখন তারা ফেরত না যাওয়ার জন্য বায়না ধরছে। এ ব্যাপারে সব পক্ষ বসে একটি সিদ্ধান্ত নেয়া হবে।
















