রোহিঙ্গা সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে চায় জাপান: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপান বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তারা টোকিওতে বাংলাদেশ ও মিয়ানমারকে ডেকে মধ্যস্থতা করতে চায়।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাপানের প্রস্তাবে ঢাকার অবস্থান কী জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রস্তাবটি বিবেচনা করবে।’

এর আগে চীনও রোহিঙ্গা সমস্যা সামাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব করেছিল। এর ফলে জাপানের এ মধ্যস্থতা প্রস্তাবের সঙ্গে তাদের কোনও দ্বন্দ্ব হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় না। তাদের মধ্যে ঝগড়া থাকতে পারে। কিন্তু, আমরা আমাদের স্বার্থ দেখবো।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকে আমি উনাদেরকে বলেছি এখান থেকে রোহিঙ্গারা তাড়াতাড়ি না গেলে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। এখান থেকে তারা যত তাড়াতাড়ি যাবে, তত তাড়াতাড়ি জাপানে বাংলাদেশ ও মিয়ানমারের বিনিয়োগ সুরক্ষিত হবে।’

 

 

পূর্ববর্তি সংবাদকক্সবাজারে ১ কেজি মরিচ ২৫০ টাকা
পরবর্তি সংবাদস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল হলেও মন্ত্রী আছেন সপরিবারে মালয়েশিয়ায়