ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সব কিছু উৎসর্গ করে এদেশের জনগণের ভাগ্য গড়ার জন্য কাজ করে যাচ্ছি। আমার বাবাও এদেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারলে আমার বাবার আত্মা শান্তি পাবে।
তিনি বলেন, যে আস্থা ও বিশ্বাস নিয়ে দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই মর্যাদা রক্ষা করা হবে। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
আজ সোমবার ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকরি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজ দেশের উন্নয়নের যে অগ্রযাত্রা সেটা অব্যাহত থাকুক। মানুষ উন্নত, সুন্দর জীবন যাপন করুক, কেউ যেন খাটো করে দেখতে না পারে, এদেশের মানুষ সর্বত্র মর্যাদা পায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী দেশবাসী ও প্রবাসী বাঙালি যারা আছেন- সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি মুসলিম উম্মাকেও ঈদের শুভেচ্ছা জানান।
















