এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ‘চিরুনি অভিযান’

ইসলাম টাইমস ডেস্ক: এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে বাড়িঘর ও এলাকা পরিচ্ছন্ন করতে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিশেষ এই অভিযানকে ‘চিরুনি অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন সংস্থার মেয়র।

আগামীকাল মঙ্গলবার ১৯ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এই অঞ্চলের ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান এই কাজে লোকবল নিয়োগ দেবেন।

ডিএনসিসি সূত্র জানায়, ১০ দিনব্যাপী এই কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে মশার প্রজননস্থল ধ্বংস করা, পরিচ্ছন্নতা এবং এলাকার মানুষকে সচেতন করার কাজ করবে ডিএনসিসির প্রতিনিধিদল। এ কাজে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীর পাশাপাশি এলাকার প্রবীণ ও পরিচিত বাসিন্দা, বাড়ির মালিক ও ভাড়াটেদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে। ডিএনসিসির এই কর্মসূচিতে একটি ওয়ার্ডকে ১০টি ব্লকে ভাগ করা হবে। এই ১০টি ভাগকে আরও ১০টি সাব–ব্লকে ভাগ করা হবে। প্রত্যেক সাব–ব্লকে থাকবেন একজন দলনেতা। তাঁর অধীনে কাজ করবেন অন্তত ১০ জন পরিচ্ছন্নতাকর্মী। ওয়ার্ড কাউন্সিলররা দলনেতাসহ লোকবল ঠিক করে দেবেন।

দলনেতাদের নেতৃত্বে পরিচ্ছন্নতাকর্মীরা বাড়ি বাড়ি যাবেন। যে বাড়িতে মশার প্রজননস্থল পাওয়া যাবে, সেখানে স্টিকার লাগিয়ে সতর্ক দেওয়া হবে। সপ্তাহখানেক পর সে বাড়িতে গিয়ে আবার পরিস্থিতি দেখা হবে। অভিযানে কোনো বাণিজ্যিক ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাদের জরিমানা করা হবে। আর আবাসিক ভবনে দ্বিতীয়বার গিয়ে মশার প্রজননস্থল পেলে জরিমানা করার পরিকল্পনা আছে ডিএনসিসির।

এই কাজে এলাকার মানুষকে যুক্ত করার পরিকল্পনা করেছে ডিএনসিসি।

পূর্ববর্তি সংবাদভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, আলোচনায় উঠতে পারে কাশ্মীর প্রসঙ্গ
পরবর্তি সংবাদপার্বত্য চট্টগ্রামকে ভারতের অংশ করে দেওয়ার দাবি জানালেন চাকমা নেতারা