সৌদির বিমানবন্দরে আবারো হুথিদের ড্রোন হামলা

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের জিজান আন্তর্জাতিক বিমানবন্দরে আচমকা ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী সেনারা। রবিবার (২৫ আগস্ট) শিয়াপন্থি এই বিদ্রোহীদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

সৌদি সামরিক জোটের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘মিডল ইস্ট আই’ জানায়, জোটের সেনারা ইতোমধ্যে ছয়টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এ দিকে, শিয়াপন্থি সংগঠন হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, ‘সৌদির জিজান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে স্বল্প পাল্লার অন্তত ১০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ডজন খানেক হতাহতের ঘটনাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ‘সৌদি সমর্থিত সেনা সদস্যদের চালানো আগ্রাসনের জবাব হিসেবে এই হামলাটি চালানো হয়েছে। রিয়াদ যদি এর পরও ইয়েমেনিদের ওপর তাদের বর্বর হামলা অব্যাহত রাখে তাহলে অদূর ভবিষ্যতে আরও কঠিন জবাব দেওয়া হবে।’

ইয়েমেনের ‘আল-মাসিরা’ টেলিভিশনে প্রকাশিত খবর অনুযায়ী, এবার ‘বদর-ওয়ান’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে জিজান আন্তর্জাতিক বিমানবন্দরের যেখানে সৌদির যুদ্ধবিমান এবং অ্যাপাচি হেলিকপ্টার ছিল সেখানেই হামলাটি চালানো হয়। তাছাড়া এতে বিমানবন্দরটির বেশ কয়েকটি সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত শনিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সকালে সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে আচমকা ড্রোন হামলা চালিয়েছিল ইয়েমেনের এই বিদ্রোহী সংগঠনটি।

পূর্ববর্তি সংবাদমোদিকে সম্মাননা দিয়ে ইতিহাসের নিকৃষ্টতম কাজ করেছে আমিরাত: আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদচাঁদার জন্য আ’লীগ-যুবলীগের ২ নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা