বিচার চাওয়ায় সুবর্ণচরের সেই ধর্ষিতা গৃহবধূর স্বামীকে এসিড নিক্ষেপ

ইসলাম টাইমস ডেস্ক: ধানের শীষে ভোট দেয়ায় ধর্ষণের শিকার নোয়াখালীর সুবর্ণচরের সেই গৃহবধূর স্বামী নাসিরকে এবার এসিডে ঝলসে দেয়া হয়েছে। গতকাল জেলা শহর মাইজদীতে ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন করায়  নাসিরের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এতে তার পুরো শরীর ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ ৯ ঘণ্টা কেটে গেলেও জ্ঞান ফেরেনি তার।

এসিডদগ্ধ নাসিরের মা আরজান বেগম জানান, স্ত্রীর ধর্ষণের বিচার দাবিতে  রোববার নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নাসির। মানববন্ধন শেষে মাকে নিয়ে চরবাগ্গা গেলে ধর্ষণ মামলার আসামি জয়নাল, রাসেল, জাকের, ফারুখ, মন্নানসহ কয়েকজন তাদের দেখে নেবে বলে হুমকি দেয়।

ভর্তির ৯ ঘন্টা পর আজ সোমবার দুপুর ১টা পর্যন্ত এসিড দগ্ধ নাসিরের জ্ঞান  ফেরেনি। জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন ও ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. সাইফুল ইসলাম জানান, এসিডে নাসিরের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়া প্রয়োজন বলে জানান তিনি।

এ ব্যাপারে চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল বলেন, তিনি ঘটনা শুনেই হাসপাতালে গিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ায় তিন সন্তানের জননী নাসিরের স্ত্রীকে গণধর্ষণ করা হয়। পরদিন এ ব্যাপারে চরজব্বর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। পরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

পূর্ববর্তি সংবাদকাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত আমার চেষ্টা চলবে: ইমরান খান
পরবর্তি সংবাদজামালপুরের সেই ডিসির চাকরিও যেতে পারে: মন্ত্রিপরিষদ সচিব