এরশাদের আসনে প্রার্থী নিয়ে বিরোধ বাড়ছে পরিবারে

ইসলাম টাইমস ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর কারণে শূন্য হয়েছে রংপুর-৩ আসন। এ আসনের উপনির্বাচনে প্রার্থী নিয়ে বিরোধ বাড়ছে পরিবারে। পরিবারের সদস্যরাই চার ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

প্রার্থী বিষয়ে মীমাংসার উদ্যোগ নিলেও এরশাদ পরিবারে দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে গেছে বলে জানা গেছে।

গতকাল দুপুরে জাতীয় পার্টিররংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এরশাদ-বিদিশার ছেলে এরিক এরশাদ। দলের বনানী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় তাঁর সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়।

অন্যদিকে এরশাদ-রওশনের ছেলে রাহগীর আল মাহী সাদকে প্রার্থী করতে এরশাদ পরিবারের নেতৃস্থানীয়দের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

এদিকে এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মনোনয়ন দেওয়ার দাবিতে সোমবার নগরীতে বিশাল শোডাউন করেছেন। এরশাদের ভাগ্নি ও দলের নেতা জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী মেহেজেবুন্নেছা রহমান টুম্পা, আরেক ভাতিজা মেজর (অব.) খালেদ আখতার ও আমেরিকাপ্রবাসী এরশাদের ছোট ভাই অপেলও মনোনয়ন চাইছেন।

এ ছাড়া দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার সাধারণ সম্পাদক শিল্পপতি এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীরও জাতীয় পার্টির মনোনয়ন প্রার্থী।

নাম প্রকাশ না করে দলের একজন প্রেসিডিয়াম সদস্য গণমাধ্যমকে বলেন, ‘এরিক এরশাদ প্রকাশ্যে ইয়াসীরের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন। সাদকে প্রার্থী করা হলে এরিক ইয়াসীরের পক্ষে সরাসরি ভোটের মাঠে প্রচারে নামবেন। এতে এরশাদ পরিবারের বিরোধ আরো বেশি মাত্রায় প্রকাশিত হয়ে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে এরশাদের ভাবমূর্তি।’

এ পরিস্থিতি নিয়ে এরশাদের সাবেক স্ত্রী ও এরিকের মা বিদিশা এরশাদ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।  মঙ্গলবার (২৭ আগস্ট) এ নিয়ে ফেসবুক পেজে পোস্ট দেন বিদিশা।

বিদিশা লেখেন, ‘এরিক এর বাবা বেঁচে থাকলে কী করতেন আজ? মনে হয় উনি সবগুলোকে গুলি করতেন। আমি এদের স্পর্ধা দেখে অবাক হই।’

উল্লেখ্য, আগামী অক্টোবরের প্রথম দিকে রংপুর-৩ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘হিন্দুদের শত্রুরা জাতির শত্রু’, তাহলে মুসলমানদের শত্রুরা কাদের শত্রু?
পরবর্তি সংবাদঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার শফিকুল ইসলাম