ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে দুটি টেম্পুর ওপর একটি মাল বোঝাই ট্রাক উল্টে যাওয়ায়। এতে তিন শিশুসহ অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে পাঁচজন। বুধবার (২৮ আগস্ট) জরুরি মেডিকেল কর্মকর্তা ভিকে গাঙওয়ার পাঠানো তথ্যের বরাতে মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যম ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকালে রাজ্যের শাহজাহানপুর জেলায় চলন্ত দুটি টেম্পুর ওপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারেইলির পুলিশের শীর্ষ কর্মকর্তা দীনেশ ত্রিপাঠী বলেছেন, ‘মর্মান্তিক এ দুর্ঘটনার নিহত ১৭ জনই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। তাছাড়া আহত বাকিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ দিকে রাজ্যের অতিরিক্ত মহাপরিচালক রাজেশ কুমার পাণ্ডে বলেছেন, ‘ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্তের জন্য এরই মধ্যে কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছি। একই সঙ্গে ট্রাকটিতে অতিরিক্ত পণ্য বোঝাইয়ের বিরুদ্ধেও অভিযান শুরু করেছি।’
















