ইসলাম টাইমস ডেস্ক: সরকারের নির্ধারিত মূল্যে চামড়া কেনার প্রতিশ্রুতি দিলেও ব্যবসায়ীরা বিশ্বাস ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে আগামী বছর থেকে এ ধরনের সমস্যা সৃষ্টি হবে না বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাউকে বিশ্বাস করা তো আমার অপরাধ নয়। কোরবানির আগে আমার এই কক্ষে মিটিং করে চামড়া ব্যবসায়ীরা বলে গিয়েছিলেন, সরকার নির্ধারিত দামেই তারা চামড়া কিনবেন। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রাখেননি।
তবে ভবিষ্যতে যেন এ ধরনের সমস্যার সৃষ্টি না হয়, তার জন্য চামড়ার বিষয়ে নীতিমালা অনুমোদিত হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি, আর সমস্যা থাকবে না।’
















