গাজায় ইসরাইলি বিমান হামলায় আরও ২ ফিলিস্তিনি নিহত

ইসলাম টাইমস ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আহতরা গাজার পুলিশ বাহিনীর সদস্য।

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার রাতের বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এক মহিলাসহ তিন জন আহত হয়েছেন।

তিনি বলেন, নিহত দুই ফিলিস্তিনিরই বয়স ৩২ বছর এবং তারা গাজার পুলিশ বাহিনীর কর্মকর্তা। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার দক্ষিণের দাহদু এলাকায় ইসরাইল জঙ্গিবিমানের সাহায্যে বোমাবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে।

গাজার মধ্যাঞ্চলে হামাসের একটি অবস্থানে ইসরাইলি জঙ্গি বিমানের হামলার কয়েক ঘণ্টা পরই ওই দুই পুলিশকে হত্যা করা হয়।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে। সেখানে হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে এখনও কোন খবর পাওয়া যায়নি। গাজা থেকে রকেট ছোড়ার জবাবে বিমান হামলা করা হচ্ছে বলে ইসরাইল দাবি করেছে।

সূত্র: পার্সটুডে

পূর্ববর্তি সংবাদডেঙ্গু: সারা দেশে ওষুধ ছিটানোর নির্দেশ হাইকোর্টের
পরবর্তি সংবাদচামড়া ব্যবসায়ীরা বিশ্বাস ভঙ্গ করেছেন: বাণিজ্যমন্ত্রী