মাধবদীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক : নরসিংদীর মাধবদীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আওলাদ হোসেন মিঠুন (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েক সহযোগী সন্ত্রাসী। শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে মাধবদী শহরের টাটাপাড়া মহল্লার একটি বালুর মাঠে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।

মিঠুন মাধবদী থানার টাটাপাড়া মহল্লার জাকির হোসেনের ছেলে। আটকরা হলেন- টাটাপাড়ার দুলাল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), জহিরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম (২৪) ও হারুন রশিদের ছেলে মেহেদী হাসান (২৫)।

নরসিংদী জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিঠুনকে তার সহযোগী সোহেলসহ নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আটক করা হয়। পরবর্তীতে রাতে তার দেওয়া তথ্যমতে অবৈধ অস্ত্র উদ্ধারে গেলে আগ থেকে প্রস্তুতি নিয়ে থাকা মিঠুনের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত গুলি চালায়। এসময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েকজন পালিয়ে যান। একইসঙ্গে সহযোগী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মিঠুন গুলিবিদ্ধ হন। পরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ১২ টির বেশি মামলা রয়েছে। এ ঘটনায়ও মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তি সংবাদবাহরাইনে ৩ দিন ধরে নিখোঁজ বাংলাদেশী
পরবর্তি সংবাদপাকিস্তানে সমাবেশে সেনার পোশাকে আফ্রিদি