দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে শ্রদ্ধা জানাল বিএনপি

ইসলাম টাইমস ডেস্ক: আজ ১লা সেপ্টেম্বর। বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী।  ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতাকর্মীরা।

আজ রোববার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে তারা শ্রদ্ধা জানান।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতা ও সর্বস্তরের কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হন।

প্রথমে মির্জা ফখরুলের নেতৃত্বে সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলের প্রতিষ্ঠাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন বিএনপি নেতাকর্মীরা।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বেলা ৩টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির সিনিয়র নেতাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

পূর্ববর্তি সংবাদএনআরসি ভারতের বিষয়, আমরা কোনো মন্তব্য করব না: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদগওহরডাঙ্গা মাদরাসা : যেখানে শায়িত আছেন ছদর সাহেব হুজুর