‘জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার’

ইসলাম টাইমস ডেস্ক: মহাসড়কে সরকারের টোল আদায়ের সিদ্ধান্তের উপর ক্ষোভ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মহাসড়ক থেকে সরকারের টোল আদায় অযৌক্তিক দাবি করে রিজভী বলেন, দুদিন আগে একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন দেশের মহাসড়ক থেকে টোল আদায় করতে। সরকারের এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। জনগণের পকেট কাটতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

তিনি বলেন, মহাসড়ক থেকে টোল আদায় করা হলে তা যাত্রীদের পকেট থেকেই দিতে হবে, যানজটের তীব্রতা বাড়বে, নষ্ট হবে সময়।

বিএনপির এ নেতা বলেন, দেশের মহাসড়কগুলো টোল আদায়ের জন্য উপযুক্ত না। সারা দেশের অধিকাংশ রাস্তা খানাখন্দে ভরা। সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কে মৃত্যুর মিছিল থামছে না।

এছাড়া সড়কে টোল আদায় করা হলে বাস ভাড়া আরও বাড়বে উল্লেখ করে রিজভী বলেন, এমনিতে বাস ভাড়া অনেক বেশি। সরকার নির্ধারিত ভাড়া পরিবহন মালিকরা নেন না। তারা অনেক বেশি টাকা নেন। এখন টোলের টাকাও যাত্রীদের কাছ থেকে উঠানো হবে। এই টোলের ফলে যাত্রীদের অর্থ অপচয় হবে, সময় অপচয় হবে। ফলে যাত্রীরাই ক্ষতিগ্রস্ত হবেন।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘণ্টায় আরো ৭৮৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি
পরবর্তি সংবাদজাতীয় পার্টির চলমান টানাপোড়েন তাদের নিজস্ব ব্যাপার : ওবায়দুল কাদের