ইসলাম টাইমস ডেস্ক: ডুবন্ত অর্থনীতি থেকে নজর ঘোরাতেই চন্দ্রযান-২’কে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বিধানসভায় এনআরসি নিয়ে আলোচনায় বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় শাসকদলকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘এমন যেন চন্দ্রযান-২ প্রথম ভারতীয় মিশন। ওদের ক্ষমতায় আসার আগে যেন কোনও মিশনই ভারতে হয়নি। এই প্রচেষ্টা ও পরীক্ষা গত ৫০ বছর ধরে চলছে। এটি আসলে অর্থনৈতিক বিপর্যয়ের থেকে দৃষ্টি সরানোর চেষ্টা।’
এছাড়াও এনআসি ইস্যুতে বক্তব্য রাখার সময় বিধানসভায় উপস্থিত বিজেপি বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘চাঁদে গিয়ে জায়গা দেখতে বলুন। বহুতল ভবন বানান, তবে বাংলায় এনআরসি হবে না। আপনারা কোনওদিনও সংখ্যাগরিষ্ঠতা পাবেন না।’
এদিকে আর কিছুক্ষণ পরই পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-২। গোটা দেশবাসীকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী মোদী। টুইট করে লাইভে চন্দ্রযান-২- এর সফল অবতরণ দেখার অনুরোধ করেছেন। এই চন্দ্রযান-২’কে হাতিয়ার করেই কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম এই সময়
















