ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসায় সহকারী মুহতামিম আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, কাশ্মীরের মুসলমানরা সন্ত্রাসী নয় তারা মজলুম ও স্বাধীনতাকামী। তাদের পক্ষে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধভাবে দাড়াতে হবে।
শুক্রবার (১৩সেপ্টেম্বর) চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহী জামে সমজিদ চত্ত্বরে কাশ্মীরে গণহত্যা বন্ধের দাবীতে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা জুনাইদ বাবুনগরী আরো বলেন, অবিলম্বে কাশ্মীরে জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। তা নাহলে বাংলার লক্ষ কোটি জনতা সীমান্ত অতিক্রম করে কাশ্মীরের মজলুম জনতাদের পক্ষে ঝাপিয়ে পড়বে।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে ভারতের মোদী সরকারকে বলুন কাশ্মীরে জুলুম-নির্যাতন বন্ধ করতে। তারা যদি বন্ধ না করে তাহলে সীমান্ত খুলে দিন বাংলার তাওহীদি জনতা মজলুম কাশ্মীরীদের পক্ষে লড়াই করে মুক্ত করবে।
মহানগর হেফাজত নেতা আনম আহমদ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর হেফাজতের সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম।
সমাবেশে আরো বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্নমহাসচিব মাওলানা লোকমান হাকীম, মাওলানা মঈনুদ্দীন রুহী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, দক্ষিণজেলা সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজি, মাওলানা জিয়াউল হাসান, চট্টগ্রাম ইসলামিক দা’ওয়াহ কাউন্সিল’র সভাপতি জামেয়া দারুল মা’আরিফ এর মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী প্রমুখ।
পরে আন্দরকিল্লাহ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে এসে শেষ হয়।
















