ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে এক গাড়িতে বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরের কুল্প জেলায় এ দুর্ঘটনা ঘটে। দিয়ারবাকিরের গভর্নর কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এ কথা জানিয়েছে।
রয়টার্সকে গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, একটি গাড়িতে করে গ্রামবাসীদের নিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকেই পুঁতে রাখা ওই বোমার বিস্ফোরণ ঘটে।
দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
এ হামলার দায় স্বীকার কেউ করেনি এখনও। তবে দেশটির উগ্র বামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলা চালিয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।
৩০ বছরেরও বেশি সময় ধরে তুরস্কের সঙ্গে বিরোধ চলছে পিকেকের। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে। দুই পক্ষের এই বিরোধে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৪০ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।
















