ইসলাম টাইমস ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে ৮ দিনের সরকারি সফরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
৮ দিনের সরকারি সফরের লক্ষ্যে শুক্রবার বিকালে আবুধাবী হয়ে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিকালে আবুধাবীর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একদিনের যাত্রাবিরতির পরে ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় (স্থানীয় সময়) ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের পথে যাত্রা করবেন। একই দিনে প্রধানমন্ত্রী বিকাল ৪টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
বিমান বন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
















