ক্যাসিনো বাণিজ্যের ভাগ তারেক পেলে সরকার কি আঙুল চুষতো?: নজরুল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার দলের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যাসিনো বাণিজ্যের টাকার ভাগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পেতেন- তাহলে সরকার বসে বসে আঙুল চুষত না কি।

আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দলের এক মানববন্ধনে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

সম্প্রতি ক্যাসিনো, জুয়ার বিরুদ্ধে পুলিশ, র‍্যাব অভিযান চালাচ্ছে। এসব অভিযানে সরকারদলীয় অনেকের সংশ্লিষ্টতা উঠে আসছে।

গতকাল মঙ্গলবার রাজশাহীতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘কয়েকটি অনলাইন পোর্টালে নিউজ এসেছে, জি কে শামীম প্রতি মাসে এক কোটি টাকা করে তারেক রহমানকে দিতেন। বিএনপির অনেক নেতাকেও তিনি পয়সা দিতেন। অর্থাৎ এই যে ক্যাসিনো কালচার যারা শুরু করেছিল, তারাও নিয়মিত মাসোহারা পেত।’

এমন অভিযোগের জবাবে আজ নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগের নেতারা ক্যাসিনোর টাকা যদি তারেক রহমানকে পাঠাতেনই, তাহলে সরকার তখন কী করত? সরকার কি বসে বসে আঙুল চোষে?’

নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ঢাকাকে ক্যাসিনোর শহর বানানো হয়েছে।

বাংলাদেশ থেকে ক্যাসিনো সংস্কৃতি দূর করতে এবং লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। তবে নজরুল ইসলাম খান বলেন, সরকার তা করতে পারবে না। কারণ, অনাচার বাড়লে সরকারদলীয় নেতারা লাভবান হবেন। তিনি আরও বলেন, বর্তমান সংকট থেকে মুক্তির জন্য সরকার পরিবর্তন দরকার, খালেদা জিয়ার মুক্তি দরকার।

পূর্ববর্তি সংবাদআমার মৃত্যুর খবর প্রচার করে গুজব ছড়ানো হচ্ছে: পরমানু-বিজ্ঞানী ড. আবদুল কাদের খান (ভিডিও)
পরবর্তি সংবাদঢাকা : মসজিদের শহর ক্যাসিনোর শহর