ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে রোববার চলছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভা। এই সভার দিন হিউস্টনেরই একটি হোটেলে ঘটে এক লজ্জাজনক ঘটনা। এক ভারতীয় নারীকে চুরি করে তার ব্যাগে খাবার লুকাতে দেখা যায়। মুহূর্তের মধ্যে যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হোটেলের একটি টেবিলে খাচ্ছেন একজন পুরুষ ও একজন নারী। আশপাশের সবাই যখন খাবার খেতে ব্যস্ত, তখন আচমকাই ‘সক্রিয়’ হয়ে উঠেছেন ওই নারী। প্লেট থেকে ধোকলা তুলে নিয়ে নিজের ব্যাগে ঢোকান। এ সময় অত্যন্ত সতর্ক ছিলেন তিনি। আশপাশের কেউ তার ওপর নজর রাখছে কি না তাও বারবার লক্ষ্য করেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ক্যামেরায় ধরা পড়ে যান।
বিদেশ ভ্রমণে গিয়ে ভারতীয় নাগরিকদের এমন লজ্জাজনক কর্মকাণ্ডের ঘটনা আজ নতুন নয়। এর আগে চলতি বছরের জুলাই মাসেই ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বেড়াতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় এক দম্পতি।
যেখানে তাদের হোটেলের ঘর থেকে সাবান, শ্যাম্পু, তোয়ালে, হেয়ার ড্রায়ার এমনকি পেন্টিং পর্যন্ত সুটকেসে ভরে রওনা দিতে দেখা গেছে। যদিও হোটেল থেকে বের হওয়ার মুখে কর্মীদের তৎপরতায় সে যাত্রায় ধরা পড়ে যান সেই দম্পতি।
মনোবিদরা বলছেন, কোথাও বেড়াতে গিয়ে নানা জিনিস চুরির বাতিক আসলে মানসিক রোগ। ক্লিপটোম্যানিয়া নামে ওই রোগে আক্রান্তরাই এমন কাণ্ড ঘটান।
সূত্র : আনন্দবাজার।
















