সফর মাসে শুরু হবে দাওরার পরীক্ষার নিবন্ধন, তারিখ নির্ধারণে বুধবার হাইআতুল উলয়ার বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক: কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদীসের চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন কার্যক্রম সফর মাসে শুরু হবে। নিবন্ধনের তারিখ নির্ধারণে আগামী বুধবার (২ অক্টোবর) বৈঠকে বসবেন হাইআতুল উলয়ার দায়িত্বশীলরা।

হাইআতুল উলয়ার দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান ইসলাম টাইমসকে এ তথ্য জানান।

তিনি বলেন, দাওরায়ে হাদীসের পরীক্ষা সংক্রান্ত আলোচনা ও প্রস্তাবনার জন্য একটি সাব কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার সাব কমিটির একটি মিটিং হয়েছে। আগামী বুধবারে আবার বৈঠকে বসবেন কর্তৃপক্ষ। সে বৈঠকে নিবন্ধনের তারিখ নির্ধারণ করা হবে। তবে সফর মাসেই নিবন্ধন কার্যক্রম শুরু করে দেওয়া হবে।

মাওলানা অসিউর রহমান বলেন, হাইআতুল উলয়ার পক্ষ থেকে এর অন্তর্ভুক্ত বোর্ডগুলোর কাছে নিবন্ধন ফরম পাঠিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট বোর্ড মাদরাসায় মাদরাসায় সেসব নিবন্ধন ফরম পৌঁছাবে।

জানা যায়, এবার হাইআতুল উলয়ার পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে এর অন্তর্ভুক্ত যে কোনো বোর্ড থেকে মেশকাত জামাতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।

পূর্ববর্তি সংবাদভারতের উত্তর প্রদেশে বন্যা-ভূমিধসে ৪৭ জনের মৃত্যু
পরবর্তি সংবাদশিক্ষিত লোকদের মাধ্যমে অপরাধ বেশি হচ্ছে : আইনমন্ত্রী