ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে নিরাপত্তার জন্য হাজার হাজার বেসামরিক এরই মধ্যে প্রদেশটির ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, উত্তরাঞ্চলীয় প্রদেশটিতে গত ২৪ থেকে ৪৮ ঘণ্টা যাবত টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের প্রধান দুটি নদীর পানি এরই মধ্যে বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।
উত্তরপ্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান রবীন্দ্র প্রতাপ শাহী ‘এনডিটিভি’কে বলেন, ‘আমরা গত কাল রাত পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছি। যাদের মধ্যে বেশ কিছু নারী ও শিশু রয়েছেন।’
তিনি বলেন, ‘কর্তৃপক্ষ উপদ্রুত অঞ্চলে এরই মধ্যে দ্রুত উদ্ধার এবং ত্রাণ সহায়তা প্রদান কাজের ওপর গুরুত্বারোপ করছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আমরা সেখানে অবস্থানরত হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, গত সপ্তাহে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে দুর্গতদের জন্য এখনো উদ্ধার ও ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
















