ইসলাম টাইমস ডেস্ক: ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্থ অঞ্চল পরিদর্শনে আজাদ কাশ্মীর গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফেরার পর সোমবারই তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানাতে যান।
রেডিও পাকিস্তানের বরাতে ডন অনলাইন জানিয়েছে, সোমবার সকালে পাক প্রধানমন্ত্রী আজাদ কাশ্মীরের মিরপুরে পৌঁছান। এ সময় তার সঙ্গে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দারও উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থদের দেখতে ইমরান খান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।
ডন জানায়, পরিদর্শনকালে পাক প্রধানমন্ত্রী আহত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের নির্দেশনা দেন তিনি।
এসময় ইমরান খানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, কাশ্মীর ও বেলুচিস্তান বিষয়ক মন্ত্রী আলী আমিনসহ জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান জেনালের ফয়সাল উপস্থিত ছিলেন।
সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের বিভিন্ন ৩০জনের মতো নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন ৩শ’জনের বেশি মানুষ। এরমধ্যে আজাদ কাশ্মীরের মিরপুর অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
















