ইসলাম টাইমস ডেস্ক: পবিত্র ওমরাহ পালনে এ বছর ওমরাহ যাত্রীদের ৮ হাজার থেকে ১০ হাজার টাকা বেশি গুনতে হবে। সৌদি সরকার ওমরাহর ভিসা ফি নতুন করে ৩০০ সৌদি রিয়াল সমপরিমাণ প্রায় ছয় হাজার ৬০০ টাকা আরোপ, সৌদি ওমরাহ কোম্পানির সার্ভিস চার্জ ১০৫ রিয়াল ও ভিসা সার্ভিস বাবদ ৯৪ রিয়াল সুনির্দিষ্ট করে দেয়ার কারণে এই খরচ বৃদ্ধি পাবে।
একই সাথে যেনতেনভাবে থাকার হোটেল ও যাতায়াতের গাড়ির বুকিং দেখিয়ে আর ভিসা করা যাবে না। হোটেল বুকিং, যাতায়াতের টাকাও আন্তর্জাতিক ব্যাংক হিসাবের (আইবিএএন) মাধ্যমে ভিসার আবেদনের সময়ই পরিশোধ বাধ্যতামূলক।
সার্ভিস প্রোভাইডিং সংস্থা মুনাচ্ছাকে ভিসা আবেদনের সময়ের মোট খরচের ২০ শতাংশ প্রদানের একটি বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। এই চার্জ আরোপ করা হলে খরচ আরো কয়েক হাজার টাকা বাড়বে। এ ক্ষেত্রে উপরি উক্ত অঙ্কের অর্থ ছাড়াও হোটেল ও গাড়ি ভাড়ার টাকারও ২০ শতাংশ যুক্ত হতে পারে। আজকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
বাংলাদেশে সফরত একটি সৌদি ওমরাহ ব্যবস্থাপনাকারী কোম্পানির এক্সিকিউটিভ ম্যানেজার মাহির কে ফাত্তা গতকাল এক প্রশ্নের জবাবে জানান, সৌদি সরকার ওমরাহর জন্য যে ফি ও অন্যান্য চার্জ নির্ধারণ করেছে তাতে হোটেল এবং যাতায়াতের খরচ বাদ দিয়েও আগের তুলনায় অতিরিক্ত ৩৫০ রিয়ালের কম-বেশি প্রদান করতে হতে পারে। এতে সৌদি ওমরাহ কোম্পানিগুলোর কোনো হাত নেই জানিয়ে তিনি বলেন, সৌদি সরকারের নির্দেশনার বাইরে সেখানে কারো কিছু বলার থাকে না।
পল্টনস্থ আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান মো: আবু ইউসুফ জানিয়েছেন, এ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি তাতে দেখছি এবার অন্যান্য বছরের ওমরাহর খরচ আনুমানিক ১০ হাজার টাকা বৃদ্ধি পাবে বলে আমরা মনে করছি। বাংলাদেশে মাত্র বৈধ ওমরাহ এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। আমরা এখন সৌদি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়, এফবিসিসিআইনসহ সংশ্লিষ্টদের অনুমোদন নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে জমা দেয়ার পরই তারা অনুমোদন দিলেই অনলাইনে মোফার জন্য আবেদন করতে পারব।
















