ইসলাম টাইমস ডেস্ক: আবরার ফাহাদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ-ডিবির (ঢাকা দক্ষিণ) এডিসি রাজীব আল মাসুদ। তদন্ত সাপেক্ষে অমিত সাহাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, আবরার হত্যার ঘটনায় আটক ১০ জন তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে তারা জানিয়েছে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য ছিল না। মারধর করতে গিয়ে আবরার মারা গেছে। তারপরও ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ১০ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম এ আদেশ দেন।
এর আগে দুপুরে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
















