ইসলাম টাইমস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর (জম্মু-কাশ্মীর) ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে চীনের সামরিকবাহিনীর কর্মকর্তারা। একই সঙ্গে শান্তির জন্য পাকিস্তানের আগ্রহের প্রশংসাও করেছেন তারা। খবর জিও নিউজ-এর।
জানা জানায়, চীনের পিপলস লিবারেশন আর্মির কর্মকর্তা জেনারেল হ্যান ওয়েইগু এবং জেনারেল জু জিলিয়াংয়ের সঙ্গে বৈঠকের পর চীন সেনাবাহিনীর অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থনের জন্য চীন সেনাবাহিনীর প্রশংসা করেন পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়া।
এ সময় বাজওয়া বলেন, ভারতের উচিত জাতিসংঘের সমাধান মেনে নেওয়া এবং কাশ্মীরিদের অধিকার নিশ্চিতে কাজ করা।
বিবৃতিতে আরও বলা হয়, চীনের সামরিকবাহিনীর কর্মকর্তারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে শান্তির জন্য পাকিস্তানের আগ্রহের প্রশংসাও করেছেন তারা।
পাকিস্তান ও চীনের সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এ সময় কাশ্মীরের কারণে পুরো অঞ্চলটিতে উত্তেজনা দেখা দিতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়।
















