ইসলাম টাইমস ডেস্ক: নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গোলায় পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্য নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর ডন-এর।
পাক সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, লাইন অব কন্ট্রোলের বারহ ও চিরিকট পয়েন্টে ভারতীয় সেনারা কোনো ধরণের উস্কানি ছাড়াই গুলি ছুড়তে শুরু করে। এতে ওই পাক সেনার মৃত্যু হয়। এছাড়া নিকটস্থ গ্রামের দুই নারীও এতে আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এর আগের দিনও ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে গুলি ছোঁড়ে। ঘটনার পর থেকে পাক-ভারত সীমান্তে উত্তেজনা আবারো বৃদ্ধি পেয়েছে। গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বশাসনের অধিকার কেঁড়ে নেয়ার পর থেকে লাইন অব কন্ট্রোলে সতর্ক অবস্থানে রয়েছে দুই দেশের সেনাবাহিনী।
















