ইসলাম টাইমস ডেস্ক: আবরার ফাহাদকে হত্যার পর তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আন্দোলনকারীরা দাবি পূরণে ভর্তি পরীক্ষার জন্য আগামীকাল রবিবার ও পরদিন সোমবার (১৩ ও ১৪ অক্টোবর) আন্দোলন শিথিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। এতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আজ শনিবার দুপুরে বুয়েট ক্যাম্পাস ক্যাফেটেরিয়া সামনে আন্দোলনকারীরা আলোচনা করে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছেন। ভর্তি পরীক্ষার পর আবারও তারা সমবেত হয়ে আন্দোলনে নামবেন বলে জানানো হয়েছে।
আন্দোলনকারীরা এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত পরে সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আবরার হত্যার বিচারসহ ১০ দফা দাবি আদায়ে বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। দাবি পূরণ না হলে ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেন তারা। এর মধ্যে পাঁচটি দাবি অত্যন্ত জরুরি এবং সেগুলো মেনে না নিলে ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এরপর গতকাল রাতে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং আবরার হত্যা মামলার ১৯ আসামিকে সাময়িক বহিষ্কার করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি অন্য দাবিগুলোও পূরণ করার প্রতিশ্রুতি দেন ভিসি।
















